আমি সৌম্যদীপ, পশ্চিমবঙ্গের এক বাঙালি তরুণ, যে বিশ্বাস করে, প্রতিটি ভাষার নিজস্ব একটি পৃথিবী আছে, আর প্রতিটি গল্পেরই প্রাপ্য একজন মন দিয়ে শোনার মানুষ।
বাংলা আমার কাছে কেবল মাতৃভাষা নয়, অনুভূতি প্রকাশের এক আশ্রয়। অনুবাদ ও লেখালেখির মধ্য দিয়ে সেই ভাষার পরিসরকে আরও বিস্তৃত করতে চাই। গ্লোবাল ভয়েসেস লিঙ্গুয়ায় বাংলা অনুবাদক হিসেবে যুক্ত হয়েছি এই বিশ্বাস থেকেই পৃথিবীর নানা প্রান্তের মানুষের অভিজ্ঞতা, সংগ্রাম, স্বপ্ন ও না-বলা কথাগুলো যেন ভাষার সীমানা পেরিয়ে বাংলাভাষী মানুষের কাছেও পৌঁছায়।
পেশাগতভাবে দন্তচিকিৎসার সঙ্গে যুক্ত থাকলেও আমার কৌতূহলের পৃথিবী আরও বিস্তৃত। সমাজ, সংস্কৃতি, জনস্বাস্থ্য, মানুষের জীবনযাপন এবং প্রান্তিক কণ্ঠস্বরের গল্প আমাকে আকৃষ্ট করে। ইউনিসেফের ইয়ুথ৪ওয়াটার প্লাস উদ্যোগ এবং ইউ-রিপোর্ট ইন্ডিয়ার ইউ-অ্যাম্বাসাডর কর্মসূচির সঙ্গে যুক্ত থেকে যুবসমাজ, যোগাযোগ ও সামাজিক পরিবর্তনের নানা উদ্যোগেও কাজ করেছি।
আমি লিখতে চাই মানুষের কথা, সময়ের কথা, হারিয়ে যেতে বসা গল্পের কথা। বিশ্বাস করি, পৃথিবীকে বুঝতে হলে শুধু নিজের ভাষায় কথা বললেই চলে না, অন্যের ভাষায় বলা গল্পগুলোকেও মন দিয়ে শুনতে হয়।
হয়তো সেই শোনার, বোঝার আর পৌঁছে দেওয়ার চেষ্টাতেই আমার লেখালেখি ও অনুবাদের যাত্রা।













