নবায়নযোগ্য শক্তির অপচয় ডোমিনিকান প্রজাতন্ত্রের জন্য চরম মূল্য বয়ে আনছে

Leaf fragments bursting out of a lightbulb.

ফিচার ছবি: ক্যানভা প্রো হতে সংগৃহীত

লিখেছেন জাহিরিস প্রিসিলা ফ্রান্সিসকো মার্তিনেস

অপচয় ব্যয়বহুল। ক্লাইমেট ট্র্যাকার এবং গ্লোবাল ভয়েসেস-এর হাতে আসা জাতীয় আন্তঃসংযুক্ত বিদ্যুৎ ব্যবস্থার সমন্বয়ক সংস্থার একটি নথি অনুযায়ী, ডোমিনিকান প্রজাতন্ত্র উৎপাদিত সৌরশক্তির একটি অংশ অপচয় করার সিদ্ধান্ত নেওয়ায় নবায়নযোগ্য জ্বালানি কোম্পানিগুলো ২০২৫ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রায় ৫.১৭ মিলিয়ন মার্কিন ডলার লোকসান করেছে।

একই নথি অনুযায়ী, রাষ্ট্রীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানি ইডেনর্তে, ইডেসুর এবং ইডেস্তে (ইডিইএস) নবায়নযোগ্য জ্বালানি ক্রয়ের সুযোগ থাকা সত্ত্বেও অপেক্ষাকৃত ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানি কেনার কারণে ৬.৫ মিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত পরিচালন খাতে ব্যয় করেছে।

এই ব্যয়ের মূল কারণ হলো তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রযুক্তিগত ন্যূনতম বিদ্যুৎ মানদণ্ড মেনে না চলা — যে নিয়মটি ওসি-র তদারকি করার কথা — যার লক্ষ্য হলো সস্তা নবায়নযোগ্য শক্তির প্রবেশ নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানির ব্যবহারকে ন্যূনতম প্রয়োজনীয় পরিমাণে সীমাবদ্ধ রাখা।

এই নিয়ম না মানার কারণে ডোমিনিকান প্রজাতন্ত্র “সীমিতকরণ” পদ্ধতি বেছে নিতে বাধ্য হয়েছে; যার ফলে কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সে সময় আরও বেশি উৎপাদন করার প্রযুক্তিগত সক্ষমতা থাকা সত্ত্বেও নবায়নযোগ্য শক্তির উৎপাদন সীমিত বা বাধাগ্রস্ত করা হয়। গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ এড়ানোর জন্য এটি করা হয়, যা সঞ্চালনের বাধা, সংরক্ষণের অভাব অথবা সর্বোচ্চ উৎপাদনের সময় (যেমন দুপুরের দিকে সৌরশক্তি) ও সর্বোচ্চ চাহিদার (যেমন বিকালের দিকে) মধ্যকার অসামঞ্জস্যতার কারণে ঘটতে পারে। এই সম্মিলিত উদ্যোগগুলো জ্বালানি রূপান্তর প্রক্রিয়াকে বিলম্বিত করে এবং দেশের জন্য বাড়তি আর্থিক বোঝা বয়ে আনে।

নবায়নযোগ্য শক্তির অপচয়, ব্যয়বহুল জ্বালানি এবং রাষ্ট্রের ভর্তুকি দেওয়ার প্রবণতা

২০২৪ সালের অক্টোবর থেকে জাতীয় আন্তঃসংযুক্ত বিদ্যুৎ ব্যবস্থায় (SENI) নিরাপত্তার কারণে উৎপাদন সীমিতকরণ প্রয়োগ পদ্ধতি কার্যকর রয়েছে। এর ফলে সৃষ্ট খরচগুলো কেবল সরাসরি নবায়নযোগ্য শক্তি উৎপাদনকারীদেরই প্রভাবিত করে না, যাদের সিস্টেমে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ সীমিত; বরং এটি নগদ বাজার এবং বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকেও প্রভাবিত করে।

২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের ওপর ভিত্তি করে তৈরি আনুষ্ঠানিক ওসি প্রতিবেদনে দেখা গেছে, মে মাসে অপচয় করা নবায়নযোগ্য শক্তির পরিমাণ ১৬,১৭১ মেগাওয়াট-ঘণ্টায় (MWh) পৌঁছেছে, যা মোট শক্তির গড়ে ১৮ শতাংশ প্রতিনিধিত্ব করে; অন্যদিকে জানুয়ারিতে গড়ে ২১ শতাংশ অপচয় রেকর্ড করা হয়েছিল।

নিরাপত্তাজনিত কারণ এবং পরিচালনগত বিধিনিষেধের অজুহাতে জাতীয় আন্তঃসংযুক্ত বিদ্যুৎ ব্যবস্থায় ন্যূনতম সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র চালু রাখে, যেখানে তাদের প্রকাশিত উপাত্ত থেকে স্পষ্ট যে, নবায়নযোগ্য শক্তির সর্বোচ্চ উৎপাদনের সময়গুলোতেও বিদ্যুৎ উৎপাদন সীমিত রাখা হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানিগুলোর কার্যক্ষমতা প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে গড় বিদ্যুৎ ক্রয়মূল্য হ্রাস পেয়েছে, যা সেই সমস্ত নবায়নযোগ্য শক্তি কোম্পানির রাজস্বকে প্রভাবিত করেছে যাদের বিদ্যুৎ ক্রয় চুক্তি (PPA) এই নির্দিষ্ট মূল্যের সাথে সংযুক্তগড় মূল্য হ্রাসের কারণে, স্থির-মূল্যের চুক্তি বা সরকারি সূচক অনুযায়ী সমন্বয়কৃত মূল্যে পরিচালিত নবায়নযোগ্য উৎসগুলোর মুনাফার হার কমে গেছে।

এর বিপরীতে, বিদ্যুৎ ক্রয় চুক্তি (PAA) ছাড়া অনেক তাপবিদ্যুৎ কেন্দ্র নগদ বাজারে তাদের বিদ্যুৎ বিক্রি করে, যেখানে  ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে প্রান্তিক খরচ প্রতি কিলোওয়াট-ঘণ্টায় (kWh) ৯.৭৫ থেকে ১২.৬৫ মার্কিন সেন্টে বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধি তাদের রাজস্ব বাড়াতে এবং আরও অনুকূল মূল্য নির্ধারণের পরিবেশকে কাজে লাগাতে সক্ষম করেছে, যার ফলে নবায়নযোগ্য খাতের তুলনায় তাদের প্রতিযোগিতামূলক সুবিধা আরও জোরদার হয়েছে। আইন অমান্য করা এবং তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো অনুমোদিত মাত্রার চেয়ে বেশি পরিচালিত হওয়ার কারণে শেষ পর্যন্ত ইডিইএস (EDES)-কে বেশি অর্থ পরিশোধ করতে হয়।

ডোমিনিকান প্রজাতন্ত্রে রাষ্ট্র বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলোকে (EDES) ভর্তুকি দেয়। কেবল ২০২৪ সালেই ভর্তুকি বাবদ ৮৬,৩৯৩ মিলিয়ন ডোমিনিকান পেসো (প্রায় ১,৩৮৮ মিলিয়ন মার্কিন ডলার) বাজেট করা হয়েছিল, যার অর্থ হলো এই কোম্পানিগুলোর আর্থিক ক্ষতি মানেই সরকারি তহবিলের ক্ষতি। নবায়নযোগ্য জ্বালানি প্রচার সমিতির (ASOFER) বর্তমান সভাপতি আলফোনসো রদ্রিগেজ বলেছেন যে, “এর ফলস্বরূপ, পরিবেশকদের আরও ব্যয়বহুল ও অধিক দূষণকারী শক্তি সংগ্রহ করতে হয়, অন্যদিকে নবায়নযোগ্য শক্তির উৎসে বিনিয়োগকারীদের মুনাফা হ্রাস পায়।”

গ্রিড আধুনিকীকরণের অভাবের মাসুল রাষ্ট্রকে ক্রমাগত দিতে হচ্ছে। ২০২৫ অর্থবছরের সাধারণ রাষ্ট্রীয় বাজেট প্রণয়নকারী আইন ৮০-২৪ অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলি দ্বারা পরিচালিত বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের উন্নয়ন সহায়তা কর্মসূচির জন্য ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার এবং মধ্যম ও নিম্ন-ভোল্টেজ নেটওয়ার্কের উন্নয়ন এবং গ্রাহক নিয়মিতকরণ কর্মসূচির জন্য বিতরণকারীদের ২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। আধুনিক নেটওয়ার্কের অভাব এবং অপর্যাপ্ত সঞ্চয়ব্যবস্থা বিদ্যুৎ সরবরাহ হ্রাসের অন্যতম প্রধান কারণ। শক্তি সীমিতকরণ থেকে হওয়া লোকসান এবং বাজেটে বরাদ্দকৃত সম্পদের তুলনা করলে এই অব্যবস্থাপনার দ্বিমুখী নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে ওঠে।

অনমনীয়তা: নবায়নযোগ্য শক্তির অন্তরায় এবং জীবাশ্ম জ্বালানির সুবিধা

‎আরেকটি পরিস্থিতি যা গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির তুলনায় জীবাশ্ম জ্বালানির সংযোজনকে প্রাধান্য দেয়, তা হলো জোরপূর্বক বিদ্যুৎ সরবরাহ। এটি এমন একটি চর্চা, যার মাধ্যমে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো সিস্টেমের প্রয়োজন না থাকা সত্ত্বেও বিদ্যুৎ উৎপাদন করতে এবং ক্ষতিপূরণ পেতে সহায়তা করে। তবে, এই ব্যবস্থাটি নবায়নযোগ্য শক্তি কেন্দ্রগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়, যা বিভিন্ন উৎপাদন উৎসের ক্ষেত্রে একটি ভারসাম্যহীনতা তৈরি করে

‎সান্তো ডোমিঙ্গোর স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউটের প্রকৌশলী ও অধ্যাপক হোসে লুইস মোরেনো বলেছেন, “বাধ্যতামূলক বিদ্যুৎ সরবরাহ বাবদ অর্থ প্রদান হলো এমন বিদ্যুৎ সরবরাহের অর্থনৈতিক প্রতিদান, যা সরবরাহ করা উচিত নয়। কারণ সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রটি মূল্যের দিক থেকে অন্যদের সাথে প্রতিযোগিতা করে না, বরং নিজস্ব অনমনীয়তার কারণে এটি দ্রুত বন্ধ হতে পারে না। তাই, এটিকে চালু রাখতে হয় এবং প্রযুক্তিগত কারণে বাধ্যতামূলক প্রেরণের জন্য মূল্য পরিশোধ করা হয়।”

যেহেতু কিছু বিদ্যুৎ কেন্দ্র, বিশেষ করে বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো সহজে বন্ধ করা যায় না, তাই তাদের খরচ বেশি হওয়া এবং তারা প্রতিযোগিতক্ষম না হওয়া সত্ত্বেও সেগুলোকে বাধ্যতামূলকভাবে চালু রাখা হয়। ফলে নবায়নযোগ্য শক্তির মতো তুলনামূলক সাশ্রয়ী কেন্দ্রগুলোর উৎপাদন সীমিত হয়ে পড়ে এবং তারা তাদের সর্বোচ্চ উৎপাদনের সম্ভাবনায় পৌঁছাতে পারে না।

মোরেনো ব্যাখ্যা করেন, “বিদ্যুৎকেন্দ্রগুলোকে তাদের খরচের প্রতিযোগিতার ভিত্তিতে চালনা করা হয়—যেগুলোর জ্বালানি খরচ কম, সেগুলো আগে চালনা করা হয়। এরপর চাহিদা না মেটানো পর্যন্ত খরচ বাড়তে থাকে; যখন আপনার উৎপাদন খরচ আর প্রতিযোগিতামূলক থাকে না, তখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে হয়। তবে আপনি যদি অনমনীয় প্রকৃতির হন, সেক্ষেত্রে আপনাকে জোরপূর্বক বিদ্যুৎ সরবরাহ করতে বাধ্য করা হয়।” এর মানে মূলত দাঁড়ায় যে, আপনি প্রতিযোগিতাও করছেন না, আবার বন্ধও করতে পারছেন না। তিনি আরও বলেন, “ফলস্বরূপ, বেশি প্রতিযোগিতামূলক হওয়ার কারণে যে বিদ্যুৎকেন্দ্রটির চালিত হওয়ার কথা ছিল, সেটি আর চালিত হয় না।” এই ক্ষেত্রেও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাধাগ্রস্ত হয়।

ওসি-এর তথ্য অনুযায়ী, বাধ্যতামূলক বিদ্যুৎ প্রেরণের জন্য ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়িয়েছে ২০২৪ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে ৭.৪৪ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে ১১.৩৩ মিলিয়ন মার্কিন ডলার, যা রাষ্ট্রীয় বিতরণ সংস্থাগুলোর জন্য ৩.৮৯ মিলিয়ন মার্কিন ডলারের মুনাফা তৈরি করেছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানিগুলোর জুলাই ২০২৫-এর কার্যক্ষমতা প্রতিবেদন অনুযায়ী, এটি বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর (EDE) অর্থনৈতিক ঘাটতিকে আরও বাড়িয়ে দেয়, যা জুলাই ২০২৫ সাল নাগাদ সর্বমোট ৯৩৬.৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল। সামগ্রিক আর্থিক ফলাফলে এই অঙ্কের একটি বড় অংশ রাষ্ট্রীয়ভাবে নির্বাহ করা হয়েছিল, যেখানে রাষ্ট্র মোট ৭৩৭.৩ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছিল।

আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (IRENA)-এর ২০১৭ সালের নভেম্বর মাসে প্রকাশিত রূপরেখায় (REmap) প্রধানত সৌর আলোক-বিদ্যুৎ, বায়ু ও জৈব শক্তির ওপর ভিত্তি করে ২০৩০ সালের মধ্যে ডোমিনিকান প্রজাতন্ত্রের নবায়নযোগ্য শক্তি উৎপাদন ৪৪ শতাংশে উন্নীত করার সম্ভাবনার ওপর আলোকপাত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “এই সম্ভাবনাকে কাজে লাগাতে ডোমিনিকান প্রজাতন্ত্রকে প্রাতিষ্ঠানিক, অর্থনৈতিক ও কারিগরি প্রতিবন্ধকতাগুলো মোকাবিলা করতে হবে। বিদ্যুৎ খাতের ক্ষেত্রে, রিম্যাপ (REmap) সমীক্ষায় উৎপাদন পর্যাপ্ততা ও গ্রিডের নমনীয়তা সংক্রান্ত সমস্যার সমাধানের প্রস্তাব করা হয়েছে। এটি বিদ্যুৎ গ্রিডের উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে সৌর ও বায়ু শক্তির সীমিত পূর্বাভাসযোগ্যতা এবং এই পরিবর্তনশীল নবায়নযোগ্য শক্তির দ্রুত প্রসারের প্রভাবগুলো মোকাবিলা করতে সাহায্য করে।”

মোরেনোর মতে, সমাধানটি একাধারে স্পষ্ট ও সাশ্রয়ী: “মূলত ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করতে এবং সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলোকে নিরাপদে সিস্টেমে যুক্ত করতে শক্তি সঞ্চয় করতে হবে।”

এই প্রতিবেদনটি ক্লাইমেট ট্র্যাকার ল্যাটিন আমেরিকার সহযোগিতায় তৈরি করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .